ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে কন্সট্যান্টের নতুন গান ‘শেষ বিকেল’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩:২৯, ১৮ অক্টোবর ২০২৬

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে কন্সট্যান্টের নতুন গান ‘শেষ বিকেল’

ছবি: ঢাকা এক্সপ্রেস

বাংলা রক সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রয়াণ দিবসে নতুন মৌলিক গান প্রকাশ করেছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড কন্সট্যান্ট। ‘শেষ বিকেল’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডটির ড্রামার রাব্বি। এতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের লিড ভোকাল ইমন ও রাব্বি।

রোববার (১৮ অক্টোবর) আইয়ুব বাচ্চুর প্রয়াণের অষ্টম বার্ষিকীতে দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও পাওয়া যাচ্ছে গানটি।

আইয়ুব বাচ্চু শুধু বাংলাদেশের সংগীতাঙ্গনের একজন কিংবদন্তি শিল্পী নন, অসংখ্য সংগীতশিল্পীর কাছে তিনি অনুপ্রেরণা, ভালোবাসা ও শ্রদ্ধার অনন্য নাম। কন্সট্যান্ট ব্যান্ডের সদস্যদের কাছেও তার অবস্থান বিশেষ। সংগীতের প্রতি তার ভালোবাসা, আন্তরিকতা এবং নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহ দেওয়ার মানসিকতা ব্যান্ডটির সদস্যদের স্মৃতিতে আজও অমলিন।

কন্সট্যান্ট ব্যান্ডের বেজ গিটারিস্ট ও ব্যান্ড সমন্বয়ক আহম্মদ মোস্তফা আকিক জানান, আইয়ুব বাচ্চুর প্রতি তাদের শ্রদ্ধা কেবল একজন কিংবদন্তি শিল্পীর প্রতি ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে ব্যক্তিগত স্মৃতি ও আবেগও। ব্যান্ডটির সদস্যদের প্রতি আইয়ুব বাচ্চুর বিশেষ স্নেহ ছিল। কন্সট্যান্টের সদস্যরা তাদের মঞ্চ পরিবেশনা শুরু করতেন আইয়ুব বাচ্চুর কালজয়ী গান ‘একদিন ঘুম ভাঙা শহরে’ দিয়ে। বিষয়টি আইয়ুব বাচ্চুর কানে পৌঁছালে তিনি ভীষণ খুশি হন এবং ব্যান্ডটির সদস্যদের আন্তরিকভাবে উৎসাহিত করেন।

সেই স্মৃতির কথা তুলে ধরে আকিক বলেন, “আইয়ুব বাচ্চু বস আমাদের সবাইকে খুব স্নেহ করতেন। আমরা যখন আমাদের মঞ্চ পরিবেশনা তার ‘একদিন ঘুম ভাঙা শহরে’ গানটি দিয়ে শুরু করতাম, বিষয়টি জানার পর তিনি খুব খুশি হয়েছিলেন। আমাদের প্রত্যেককে তিনি উৎসাহিত ও প্রশংসা করেছিলেন। তার মতো একজন কিংবদন্তি শিল্পীর কাছ থেকে এমন ভালোবাসা ও স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। তিনি আমাদের কাছে শুধু একজন সংগীতশিল্পী নন, তিনি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও অনুপ্রেরণার জায়গা।”

তিনি আরও বলেন, “আইয়ুব বাচ্চুর প্রয়াণ আমাদের সংগীতাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার গান, তার সৃষ্টি এবং বাংলা রক সংগীতে তার অবদান চিরকাল বেঁচে থাকবে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা ‘শেষ বিকেল’ গানটি তাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই, আমাদের এই ছোট্ট শ্রদ্ধার্ঘ্য তার প্রতি আমাদের ভালোবাসার একটি আন্তরিক প্রকাশ হয়ে থাকুক।”

কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ ব্যান্ডটির নিজস্ব মৌলিক সৃষ্টি। গানটি প্রকাশের জন্য ১৮ অক্টোবর তারিখটি বেছে নেওয়ার পেছনে রয়েছে গভীর আবেগ ও শ্রদ্ধাবোধ। ব্যান্ডটির সদস্যদের প্রত্যাশা, আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে প্রকাশিত গানটি তাদের প্রিয় শিল্পীর স্মৃতি নতুন করে স্মরণ করার উপলক্ষ হয়ে উঠবে। একই সঙ্গে নতুন প্রজন্মের শ্রোতারাও তার সংগীত ও অবদান সম্পর্কে আরও আগ্রহী হবেন।

২০০৫ সালে যাত্রা শুরু করা কন্সট্যান্ট দীর্ঘদিন ধরে বাংলাদেশের রক সংগীতাঙ্গনে মৌলিক গান নিয়ে কাজ করছে। ব্যান্ডটির উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘স্বপ্নমিছিল’, ‘মেঘবালিকা’, ‘ক্ষমা’, ‘স্বাধীনতা’, ‘সাদাকালো’ ও ‘অস্থির অনুভূতি’। সম্প্রতি জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে ব্যান্ডটির ‘ইচ্ছের আকাশ’ ও ‘যাযাবর’ শিরোনামের গান। নতুন গান প্রকাশের ধারাবাহিকতায় ‘শেষ বিকেল’ হতে যাচ্ছে তাদের সংগীতযাত্রার আরেকটি আবেগঘন সংযোজন।

বর্তমানে কন্সট্যান্ট ব্যান্ডের লাইনআপে রয়েছেন জীবন (লিড গিটার), রাব্বি (ড্রামস ও ভোকাল), ইমন (লিড ভোকাল ও গীতিকার) এবং আকিক (বেজ গিটার ও ব্যান্ড সমন্বয়ক)।

আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে ‘শেষ বিকেল’ প্রকাশের মধ্য দিয়ে তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে চায় কন্সট্যান্ট। ব্যান্ডটির বিশ্বাস, একজন প্রকৃত শিল্পীর শারীরিক প্রস্থান ঘটলেও তার সৃষ্টি, আদর্শ এবং মানুষের হৃদয়ে রেখে যাওয়া ভালোবাসা কখনো হারিয়ে যায় না। আইয়ুব বাচ্চুর সংগীতও তেমনি প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে। আর ‘শেষ বিকেল’ হয়ে থাকবে তাকে স্মরণ করে কন্সট্যান্টের পক্ষ থেকে নিবেদিত এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন