শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১:২৮, ১৭ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
চলতি সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। ক্যারিয়ারে অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন তিনি। এ কারণে বিভিন্ন সময়ে একাধিক অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া গুঞ্জনের তালিকায় রয়েছেন তানজিন তিশা ও সাদনিমা বিনতে নোমানের মতো অভিনেত্রীরা।
সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে পর্দার রোমান্স ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলেছে, তা নিয়ে খোলামেলা কথা বলেছেন খায়রুল বাসার।
আলাপচারিতায় সঞ্চালক সরাসরি জানতে চান, তানজিন তিশার সঙ্গে তার বিচ্ছেদ হলো কেন? জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে অভিনেতা বলেন, ‘ওর সঙ্গে আমার কবে প্রেম ছিল? প্রেম থাকলে তো ব্রেকআপ হবে! তার সঙ্গে আমার আগেও কথা হতো, এখনো কথা হয়। তানজিন তিশা একটু পাগলাটে, একটু পাগল মানুষ, রেগে যান! কিন্তু খুবই ভালো মানুষ।’
নায়িকাদের সঙ্গে কেন তার প্রেমের গুঞ্জন ছড়ায়, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে খায়রুল বাসার বলেন, ‘আমি সারা দিন নায়িকাদের সঙ্গে কাজ করি। তাহলে নায়িকাদের সঙ্গে গুঞ্জন হবে না তো কার সঙ্গে হবে! আমাকে তো আর কারও সঙ্গে দেখা যাচ্ছে না।’
এরপর বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়ানোর প্রসঙ্গ তুলে গুঞ্জন কতটা সত্যি, তা জানতে চান সঞ্চালক। জবাবে খায়রুল বাসার বলেন, ‘গুঞ্জন মোটেই সত্যি না। কিন্তু এসব গুঞ্জন আমি উপভোগ করি।’
অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানের সঙ্গে তার সম্পর্ক আছে কি না, এমন প্রশ্নের স্পষ্ট জবাবে ‘না’ বলেন খায়রুল বাসার। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আসলে আমি তো “না” বলে দিলেই এটা শেষ হয়ে গেল না। সে আমার সহশিল্পী। সাদনিমা ভীষণ ভালো মানুষ এবং স্পষ্টবাদী।’
কবে বিয়ে করছেন, এমন প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, বিয়ে নিয়ে এখনো কোনো পরিকল্পনা করতে পারছেন না তিনি। তার ভাষ্য, ‘বিয়ে নিয়ে এখন পর্যন্ত আমার একদমই কোনো ভাবনা নাই। আমার মনে হয়, আমার অনেক কাজ বাকি। পারিবারিক কিছু দায়-দায়িত্বের ব্যাপার আছে। আগে এগুলো শেষ করব, তারপর হয়তো অবকাশে বিয়ের ব্যাপারটি নিয়ে ভাবা যেতে পারে।’
ঢাকা এক্সপ্রেস/এসএস