ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

আমেরিকায় হেনস্থার শিকার কণ্ঠশিল্পী ইমন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:২৪, ১৮ অক্টোবর ২০২৬

আমেরিকায় হেনস্থার শিকার কণ্ঠশিল্পী ইমন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হেনস্তা ও অপমানজনক পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী ও তার দলের সদস্যরা। নিউ জার্সিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে আমেরিকান এয়ারলাইন্সের কর্মীদের দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এই গায়িকা।

ইমনের অভিযোগ, তাদের বিমানে উঠতে দেওয়া হয়নি। উল্টো ধাক্কা দিয়ে বোর্ডিং গেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দলের সঙ্গে থাকা বাদ্যযন্ত্র নিয়েও বিমান সংস্থার কর্মীরা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন ইমন। নিউ জার্সির উদ্দেশে যাত্রা করার জন্য তারা নির্ধারিত সময়েই ডালাস বিমানবন্দরে পৌঁছেছিলেন। তবে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে ওঠার সময়ই বিপত্তি ঘটে। কোনো সুনির্দিষ্ট বা যুক্তিসংগত কারণ ছাড়াই তাদের বিমানে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন গায়িকা।

ইমন জানান, এর প্রতিবাদ করতে গেলে বিমান সংস্থার কর্মীরা শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে ধাক্কা দিয়ে তাদের বোর্ডিং গেট থেকে সরিয়ে দেওয়া হয়। শুধু তা-ই নয়, শিল্পীদের বাদ্যযন্ত্র দেখে বিমান সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘কোনো বাদ্যযন্ত্র ভেঙে গেলে তার দায়ভার বিমান সংস্থা নেবে না।’

আমেরিকান এয়ারলাইন্সের কর্মীদের এমন আচরণের কারণে নির্ধারিত ফ্লাইটটি মিস করেন ইমন চক্রবর্তী ও তার দলের সদস্যরা। পরে বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তাদের পরবর্তী ফ্লাইট দুপুর ১২টায়। তবে সেই ফ্লাইটেও তাদের উঠতে দেওয়া হবে কি না, তা নিয়ে কর্তৃপক্ষ ভাবনাচিন্তা করছে বলে জানান ইমন।

বিদেশের মাটিতে ভারতীয় শিল্পীর সঙ্গে এমন আচরণ ও হেনস্তার অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রবাসে এমন অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখে পড়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের এই গায়িকা। একই সঙ্গে নিজেদের অসহায়তার কথা জানিয়ে সবার পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন