শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২০:০৯, ১ নভেম্বর ২০২৬
ছবি : ঢাকা এক্সপ্রেস
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এতে ইখতারা সরকার (৩০) নামে এক গৃহবধূর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। গুরুতর দগ্ধ অবস্থায় তিনি বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১ নভেম্বর) ভোরে আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধ ইখতারা সরকার ওই এলাকার ঈদন সরকারের মেয়ে। তাঁর স্বামী জাহাঙ্গীর মিয়ার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। প্রায় ১৫ বছর আগে তাঁদের বিয়ে হয়। এ দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় এক বছর ধরে জাহাঙ্গীর মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। পাশাপাশি স্ত্রীকে মারধর করতেন তিনি। প্রায় দেড় মাস আগে স্বামীর মারধরের শিকার হয়ে দুই বছরের ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন ইখতারা।
স্বজনদের দাবি, গত শুক্রবার ছোট ছেলেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন জাহাঙ্গীর। এ সময় স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি।
পরদিন শনিবার ভোরে ইখতারার মা ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হলে সেই সুযোগে ঘরে প্রবেশ করেন জাহাঙ্গীর। অভিযোগ অনুযায়ী, এ সময় বিছানায় ঘুমিয়ে থাকা ইখতারার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তিনি।
পরে পরিবারের সদস্যরা গুরুতর দগ্ধ অবস্থায় ইখতারাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই