শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮:১৭, ২৮ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্টের রেশ কাটতে না কাটতেই ঢাকায় আরেকটি আন্তর্জাতিক সংগীত আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। তার ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এ কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ ঘোষণা দেন নাঈম আশরাফ। তার এ ঘোষণার পর ঢাকায় শাকিরার পরিবেশনা দেখার অপেক্ষায় থাকা সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
বিশ্বসংগীতের জনপ্রিয় তারকাদের একজন শাকিরা। ‘ওয়াকা ওয়াকা’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন তিনি। বিশেষ করে ফুটবল বিশ্বকাপের সঙ্গে যুক্ত ‘ওয়াকা ওয়াকা’ গানটি বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
আয়োজকদের পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের সংগীতাঙ্গনে এটি হতে পারে অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন। তবে এখনো কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, টিকিট বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে শাকিরার বাংলাদেশ সফরের বিষয়টি তার পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে আপাতত এটি আয়োজক প্রতিষ্ঠানের ঘোষিত পরিকল্পনা হিসেবেই বিবেচিত হচ্ছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই