শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯:১১, ২৮ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এমনকি চিকিৎসকের ব্যবস্থাপত্র ও হাসপাতালের নথিতেও নারীদের নাম লেখা যাবে না। তাদের পরিচয় বোঝাতে কোথাও ‘বিবি’, কোথাও ‘ছাগল’ বা ‘গরু’ শব্দ ব্যবহার করা হচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নির্দেশনায় সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের নারীদের নাম ধরে সম্বোধন করতেও নিষেধ করা হয়েছে। আফগান সমাজে ‘বিবি’ শব্দটি সাধারণত দাদি বা বয়স্ক নারীকে বোঝাতে ব্যবহৃত হয়।
আফগান অধিকারকর্মী লালা ওসমানি এ চর্চাকে নারীদের মানবিক মর্যাদা কেড়ে নেওয়ার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন। এল পাইসকে তিনি বলেন, ‘একজন মানুষের মানবিক পরিচয় কেড়ে নেওয়ার প্রথম পদক্ষেপ হলো তার নাম কেড়ে নেওয়া।’
এ নিষেধাজ্ঞার কারণে স্বাস্থ্যসেবায়ও জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। একাধিক নারীর ব্যবস্থাপত্র ও স্বাস্থ্যসংক্রান্ত নথিতে একই পরিচয় ব্যবহার করা হলে রোগী শনাক্তে ভুল হতে পারে। এতে ভুল চিকিৎসা কিংবা ভুল ওষুধ দেওয়ার ঝুঁকিও বাড়বে।
এর আগে সন্তানদের জন্মসনদসহ সরকারি নথিতে মায়ের নাম অন্তর্ভুক্ত করার দাবিতে ২০১৭ সালে ‘হোয়্যার ইজ মাই নেম’ নামে প্রচারাভিযান শুরু করেন লালা ওসমানি। তাঁর উদ্যোগের ধারাবাহিকতায় ২০২০ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের জন্মসনদে মায়ের নাম যুক্ত করার সুযোগ তৈরি হয়।
তবে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দেশটিতে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বালখ প্রদেশে জারি করা এই নির্দেশনা একসময় সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। কারণ, তালেবান এর আগেও বিভিন্ন এলাকায় বিধিনিষেধ জারি করে পরে তা দেশজুড়ে কার্যকর করেছে।
আফগান সাংবাদিক খাদিজা আমিনের অভিজ্ঞতাও নারীদের পরিচয়সংকটের বিষয়টি সামনে এনেছে। বর্তমানে স্পেনে নির্বাসিত জীবন কাটানো এই সাংবাদিক সন্তানদের সঙ্গে দেখা করার অধিকার নিয়ে জার্মান পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে সমস্যায় পড়েন। কারণ, সন্তানদের জন্মসনদে তাঁকে মা হিসেবে শনাক্ত করার মতো কোনো তথ্য ছিল না।
লালা ওসমানির ভাষায়, ‘আফগানিস্তানে কোনো নারীকে তাঁর আসল নামে ডাকাও এখন একধরনের প্রতিরোধ।’
এল পাইসের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের বিধিনিষেধ আফগান নারীদের ব্যক্তিগত পরিচয় প্রতিষ্ঠা, অধিকার আদায় এবং জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ার পথ আরও কঠিন করে তুলতে পারে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই