ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৬ জমাদিউস সানি ১৪৪৮

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:২২, ২৭ নভেম্বর ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

ইরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে তা ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ডেকে আনতে পারে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার-আ-লাগো বাসভবন থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক ও অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ইরানের ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে; যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সক্ষমতা না থাকলেও ইউরোপে পৌঁছানোর মতো সক্ষমতা তাদের আছে।’

ট্রাম্পের দাবি, এই অঞ্চলে স্থিতিশীলতা না থাকলে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ওপর পারমাণবিক হামলা চালাতে পারে। তার ভাষায়, ‘এমন পরিস্থিতিতে দেখা যাবে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্র ছুড়ছে এবং তখন এক পারমাণবিক বিপর্যয় নেমে আসবে।’

যুক্তরাষ্ট্রের জ্বালানি চাহিদার কথা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। কিন্তু আমাদের যেটা দরকার, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি।’

ইরানি নেতাদের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘আমি তাদের ভালোভাবেই চিনেছি; খোলাখুলি বললে, তারা পাগল। সত্যিই তারা পাগল। সে কারণেই আমরা তাদের পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেব না।’

মধ্যপ্রাচ্যের মিত্রদের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে ট্রাম্প জানান, নিজেদের আত্মরক্ষায় যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত ওয়াশিংটনকে ওই অঞ্চলের দেশগুলোর পাশে দাঁড়াতে হবে এবং সহায়তা অব্যাহত রাখতে হবে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য সামনে এল। উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী দেশ ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই বলেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন