শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৩৫, ২৮ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী মতবিনিময়ে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) থেকে শুরু হয়ে এ সংলাপ চলবে মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত। তিন দিনে মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে কমিশনের।
ইসি সূত্রে জানা গেছে, সংলাপে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথম দিন রোববার ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হলেও তিনটি দল অংশ না নেওয়ার কথা জানিয়েছে। ফলে ওই দিন ১৫টি দলের সঙ্গে মতবিনিময় হতে পারে।
শনিবার (২৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানান। তিনি বলেন, জামায়াত অ্যালায়েন্সের তিনটি দল মৌখিকভাবে রোববারের সংলাপে অংশ নিতে অপারগতার কথা জানিয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মতবিনিময় সভা সরাসরি সম্প্রচার করা হবে।
সূচি অনুযায়ী, ৩০ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসসহ ১৮টি দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি। আর ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ আরও ১৮টি দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বর্তমানে দেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপের বাইরে রাখা হয়েছে।
ইসি জানিয়েছে, তিন দিনের নির্ধারিত আয়োজনে কোনো দল অংশ নিতে না পারলে তাদের পরবর্তী সময়ে মতবিনিময়ের সুযোগ দেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই