শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৫৪, ২৭ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ছাত্র সংসদ নেতাদের বিয়ের বয়স হয়েছে উল্লেখ করে তাদের ভালো জায়গায় বিয়ে করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে চাকরির পরিবর্তে উদ্যোক্তা ও জাতীয় পর্যায়ের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ছাত্র সংসদ নেতাদের কর্মসংস্থান, ক্যারিয়ার গঠন ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশে জামায়াতের ভূমিকা এবং ব্যক্তিগত পরামর্শ জানতে চান।
এ সময় তিনি বলেন, ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও ক্যারিয়ার সম্পাদক মাজহার বয়সে কিছুটা সিনিয়র। তারা নিয়মিত বিয়ের জন্য এসে কান্নাকাটি করেন। এ বিষয়ে জামায়াত আমিরের পরামর্শ চান তিনি।
জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিয়ের জন্য মোবারকবাদ। তোমাদের বয়স হয়েছে, এখন বিয়ে-শাদি করবা।’
অধ্যাপক গোলাম আযমের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বিয়ে শুধু আনন্দ-উপভোগের জন্য নয়, বরং সভ্যতা গড়ে তোলার জন্য। উপযুক্ত সময়ে বিয়ে না করলে জাতি পিছিয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বের অনেক দেশ এখন জনসংখ্যা সংকটের মুখে পড়েছে। এ কারণে বিয়ে ও সন্তান নেওয়ার ক্ষেত্রে মানুষকে বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।
ছাত্র সংসদ নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, তোমাদের এই সুযোগ যাদের আছে, আমরা তোমাদের পাশে আছি, সামনেও থাকব। বিয়ে করিয়ে দেব ইনশাআল্লাহ। ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব।’
কর্মসংস্থান ও ক্যারিয়ার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। তবে তিনি চান না, শিক্ষার্থীরা শুধু চাকরির পেছনে ছুটুক। বরং তারা নেতৃত্ব দেবে, নতুন উদ্ভাবন করবে এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।
তিনি বলেন, ‘আজকের বীজ, আগামী দিনের গাছ, পরশু দিনের ফল। এভাবেই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।’
শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ১৮ কোটি মানুষের জন্য একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ জানান জামায়াত আমির।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই