শিরোনাম
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১৩:১০, ২৭ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আসন ৬০টি বেড়েছে। গত শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে আসন ছিল ১ হাজার ৬টি। এবার তা বাড়িয়ে ১ হাজার ৬৬টি করা হয়েছে। নতুন করে ব্যাচেলর অব সায়েন্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ব্যাচেলর অব সায়েন্স ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি নামে দুটি ডিগ্রি যুক্ত করা হয়েছে। প্রতিটি ডিগ্রিতে ৩০টি করে আসন নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত কৃষি গুচ্ছের সমন্বিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। গত বছরের তুলনায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি আসন বেড়েছে বাকৃবিতে। মোট আসনের দিক থেকেও বিশ্ববিদ্যালয়টি গুচ্ছে শীর্ষে রয়েছে। গুচ্ছের মোট আসনের ২৮ শতাংশের বেশি বাকৃবিতে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি ১ হাজার ৬০০ টাকা (লেনদেন চার্জ ছাড়া)।
আগামী শনিবার (২ জানুয়ারি ২০২৭) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।
কৃষি গুচ্ছে বাকৃবিসহ মোট আসন বেড়েছে ৯৪টি। এবার মোট আসন ৩ হাজার ৭৯৫টি। গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এ সংখ্যা ছিল ৩ হাজার ৭০১। বাকৃবি ছাড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১টি আসন বেড়ে ৪৭৩টি হয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯টি বেড়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪টি বেড়ে ৮৬টি হয়েছে।
বাকি পাঁচ বিশ্ববিদ্যালয়ে আসন অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি আসন রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন বলেন, ‘সংশ্লিষ্ট ইনস্টিটিউট ও অনুষদের প্রস্তাবের ভিত্তিতে তারা যতটি আসনের সুপারিশ করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ততটি আসনের প্রস্তাব কৃষি গুচ্ছ ভর্তি-সংক্রান্ত কমিটির কাছে পাঠানো হয়েছে। পরে সেই প্রস্তাব অনুমোদিত হয়েছে। এখন ব্যাচেলর অব সায়েন্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ব্যাচেলর অব সায়েন্স ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি—এই নতুন দুটি ডিগ্রিতে ৩০ জন করে মোট ৬০টি আসন বেড়েছে।’
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস