ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৭ জমাদিউস সানি ১৪৪৮

কাল রাজশাহীতে মাহফিলে বক্তব্য দেবেন আজহারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:২৩, ২৭ নভেম্বর ২০২৬

কাল রাজশাহীতে মাহফিলে বক্তব্য দেবেন আজহারী

ফাইল ছবি

এক বছর বিরতির পর দেশে ফিরে আগামীকাল শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দেবেন জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী। মাহফিলে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিভাগের মানুষের উদ্দেশে ‘আগামীকাল থাকছি—দেখা হবে’ বলে বার্তা দিয়েছেন তিনি। শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান আজহারী।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ আগামীকাল থাকছি— ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত রাজশাহী মাদ্রাসা মাঠের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

এদিকে মাহফিলকে কেন্দ্র করে রাজশাহীর মাদ্রাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বৃহস্পতিবার বিকেলে মাঠে গিয়ে দেখা যায়, মূল মঞ্চ নির্মাণের কাজ চলছে। বিপুলসংখ্যক মানুষের সমাগমের কথা মাথায় রেখে মাঠ প্রস্তুত ও সাজসজ্জার কাজও প্রায় শেষ পর্যায়ে।

আয়োজকেরা জানিয়েছেন, মাহফিলে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাঁদের প্রবেশের জন্য তৈরি করা হয়েছে আলাদা গেট। আয়োজকদের দাবি, এটি হবে রাজশাহীর সবচেয়ে বড় তাফসিরুল কোরআন মাহফিল।

ওলামা মাশায়েখ পরিষদের নেতারা জানান, আগামী ২৮ নভেম্বর শনিবার দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও দেশের অন্যান্য অঞ্চল থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের সমাগমের প্রত্যাশা করছেন তাঁরা। তবে ড. মিজানুর রহমান আজহারী বাদ মাগরিব তাঁর আলোচনা শুরু করবেন।

মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মূল মাঠের পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে ১৫টি জায়ান্ট স্ক্রিনে মাহফিলটি সরাসরি সম্প্রচার করা হবে।

ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন বলেন, এটি হবে রাজশাহীর সবচেয়ে বড় তাফসিরুল কোরআন মাহফিল। নারী ও পুরুষের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। মাঠের সাজসজ্জার কাজও শেষ পর্যায়ে। দুপুর ২টা থেকে মাহফিল শুরু হলেও বাদ মাগরিব আলোচনা করবেন ড. মিজানুর রহমান আজহারী।

মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক মোহাম্মদ জাহাঙ্গীর।

তাফসিরুল কোরআন বাস্তবায়ন কমিটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান আশু বলেন, রাজশাহীতে এবারই প্রথম ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সূচি অনুযায়ী, বাদ মাগরিব বক্তব্য দেবেন আজহারী।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন