শিরোনাম
যশোর প্রতিনিধি
প্রকাশ: ২০:২২, ২৭ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটির স্তূপ সরানোর সময় ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেহারী কলোনির ছয়তলা ভবনসংলগ্ন বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে। আহতদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আহতরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) এবং আরমগাছা গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শ্রমিক ওই এলাকায় স্তূপ করে রাখা মাটি সরানোর কাজ করছিলেন। এ সময় কোদালের আঘাত মাটির নিচে পুঁতে রাখা একটি বোমায় লাগলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আব্দুর রাজ্জাক ও আকবর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত দুজনকে হাসপাতালে আনা হলে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাটির স্তূপের মধ্যে কীভাবে বিস্ফোরক এল এবং কারা সেখানে বোমাটি পুঁতে রেখেছিল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই