ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৭ জমাদিউস সানি ১৪৪৮

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮:২৫, ২৮ নভেম্বর ২০২৬

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

ছবি: ঢাকা এক্সপ্রেস

মাদারীপুরের কালকিনির পৌর মাছবাজার এলাকায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় প্রায় দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি সোলাইমান মাহমুদ।

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন।

মিছিলটি পৌর মাছবাজার হয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও পাল্টা মিছিল বের করেন। এ সময় উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষই বৃষ্টির মতো বোমা বিস্ফোরণ ঘটায়।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর এসআরবি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি জানান, তারা শান্তিতে বিশ্বাস করেন এবং কোনো দ্বন্দ্ব চান না। তবে নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে বলে দাবি করেন তিনি।

ওসি সোলাইমান মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন