ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৭ জমাদিউস সানি ১৪৪৮

২ লাখ ৫৬ হাজার ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে সম্মানী দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫১, ২৭ নভেম্বর ২০২৬

২ লাখ ৫৬ হাজার ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে সম্মানী দিচ্ছে সরকার

ফাইল ছবি

দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে সম্মানী ভাতা দিচ্ছে সরকার। এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চলতি অর্থবছরে সম্মানী কর্মসূচির আওতায় আসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা। নির্ধারিত কাঠামো অনুযায়ী, মসজিদের ইমাম মাসে ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা করে সম্মানী পাবেন। অন্যান্য ধর্মের দায়িত্বশীল ব্যক্তিরাও এ সুবিধা পাবেন।

এর আগে গত ১৪ মার্চ পাইলট প্রকল্পের মাধ্যমে এ কর্মসূচি চালু হয়। প্রথম পর্যায়ে ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন সেবাকর্মীকে এর আওতায় আনা হয়।

উপদেষ্টা জানান, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ায় দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনের পর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতাদের হাতে সম্মানী তুলে দেবেন প্রধানমন্ত্রী।

সম্মানীর অর্থ সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাব অথবা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে পাঠানো হবে। এ জন্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ব্যবহার করে জি-টু-পি পদ্ধতিতে অর্থ বিতরণ করা হবে। নগদ অর্থ বিতরণের সুযোগ না রাখায় মধ্যস্বত্বভোগী ও অনিয়মের ঝুঁকি কমবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

তিনি আরও জানান, বর্তমানে দেশে ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। চলতি অর্থবছরে এর এক-চতুর্থাংশকে কর্মসূচির আওতায় আনা হচ্ছে। বাকি প্রতিষ্ঠানগুলো আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

সুবিধাভোগী নির্বাচনে রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি দাবি করে ইসমাইল জবিউল্লাহ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ধর্মীয় প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে। প্রকৃত দায়িত্ব পালনকারীদের কাছে স্বচ্ছতার সঙ্গে সম্মানী পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন