শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:০১, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১১, ২৭ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে চাপে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের (৩ হাজার ১৮৫ কোটি টাকা) পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। এসব ক্রয়াদেশের বড় অংশ পেয়েছে ভারত। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াও পেয়েছে কিছু ক্রয়াদেশ।
বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি নভেম্বরের ১ থেকে ১৮ তারিখের মধ্যে এসব ক্রয়াদেশ স্থানান্তর করা হয়। জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার ও সেলিওর মতো ব্র্যান্ডের ক্রয়াদেশও অন্য দেশে গেছে বলে জানিয়েছেন কারখানার মালিকেরা।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়ায় এ খাতে ৪০০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে।
বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি, ইউটিলিটি ও কাঁচামালের দাম বাড়ায় কারখানাগুলো বাড়তি চাপের মুখে রয়েছে। অন্যদিকে ক্রেতারা পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন। ফলে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকা কঠিন হচ্ছে।
ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার অন্যতম কারণ সময়মতো পণ্য সরবরাহ করতে না পারা। মহিউদ্দিন চৌধুরীর মতে, ভারত বাংলাদেশের তুলনায় প্রায় এক সপ্তাহ কম সময়ে পণ্য সরবরাহ করতে পারে। ভিয়েতনাম ও কম্বোডিয়াও সরবরাহের সময় ১৫ দিন পর্যন্ত কমাতে সক্ষম। প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে উৎপাদন ও সরবরাহে ৬০ থেকে ৯০ দিন লাগলেও বাংলাদেশে লাগে প্রায় ১২০ দিন।
এদিকে কারখানার মালিকদের আশঙ্কা, সাময়িকভাবে অন্য দেশে সরিয়ে নেওয়া ক্রয়াদেশ ভবিষ্যতে স্থায়ীভাবে স্থানান্তরিত হতে পারে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান মনে করেন, উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক করে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনা জরুরি।
বাংলাদেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। তাই ক্রয়াদেশ স্থানান্তরের এ প্রবণতা অব্যাহত থাকলে দেশের রফতানি আয় ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই