ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৭ জমাদিউস সানি ১৪৪৮

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে গ্রেপ্তারের নির্দেশ আইনমন্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৯:৫৩, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫৪, ২৭ নভেম্বর ২০২৬

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে গ্রেপ্তারের নির্দেশ আইনমন্ত্রীর

ছবি: ঢাকা এক্সপ্রেস

বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দু-একজন চাঁদাবাজ ও মাদক কারবারির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলকে বিতর্কিত হতে দেওয়া হবে না। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কিছু চাঁদাবাজ ও মাদক কারবারি অপকর্ম চালাচ্ছে। তাদের সঙ্গে আওয়ামী লীগের গোপন আঁতাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের ব্যক্তিদের দলে প্রয়োজন নেই।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে মন্ত্রী বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে স্বাধীনভাবে কাজ করতে হবে। কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি। এ ক্ষেত্রে প্রশাসনের পাশে থাকার আশ্বাসও দেন আইনমন্ত্রী।

অনুষ্ঠান শেষে শৈলকুপা উপজেলার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন