শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬:১৫, ২৭ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ন্যাশনাল গার্ডের একটি ক্যাম্পে সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলের সানাম শহরে এ হামলার ঘটনা ঘটে। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভারী অস্ত্রে সজ্জিত বিপুলসংখ্যক হামলাকারী সেনা ক্যাম্পে আক্রমণ চালায়। হামলাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। সেনাদের পাল্টা অভিযানে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছেন। এ ছাড়া তাদের রসদ ও সরঞ্জাম সরবরাহের অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
পালিয়ে যাওয়া হামলাকারীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজার জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ হামলা হয়।
মালির সীমান্তবর্তী সানাম শহরটি নাইজারের তিলাবেরি অঞ্চলে অবস্থিত। এলাকাটিতে প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। তবে সর্বশেষ হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, হামলার মাত্র দুই দিন আগে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে আরেকটি হামলায় ১১ সেনাসদস্য নিহত হন। ওই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছিল নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পরপর এসব হামলায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই