ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৭ জমাদিউস সানি ১৪৪৮

ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, হাসপাতালে ভর্তি

প্রকাশ: ১৮:০০, ২৭ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। গত চার দিন ধরে জ্বরে ভোগার পর গতকাল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আজ শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অসুস্থতার খবর জানিয়ে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নাহিদ। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনায় নাহিদের মাঠে ফেরার পরিকল্পনা নতুন করে অনিশ্চয়তায় পড়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিল এই পেসারের। তবে পুরোপুরি ফিট না হওয়ায় টেস্ট সিরিজের পর ওয়ানডে দলেও জায়গা পাননি তিনি।

পরিকল্পনা ছিল, ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ চলাকালে তাঁকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত করা হবে।

চোটের পুনর্বাসনের অংশ হিসেবে গত মাসে অস্ট্রেলিয়ায় ছিলেন নাহিদ। সেখানে বোলিংও শুরু করেছিলেন তিনি। তবে জ্বরের কারণে গত দুই দিন বোলিং করতে পারেননি। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হওয়ায় তাঁর সুস্থ হয়ে মাঠে ফেরার সময় নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর আগামী ১০ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

আরও পড়ুন