ঢাকা, রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৮ জমাদিউস সানি ১৪৪৮

অপু বিশ্বাসের সাবেক মেকআপ আর্টিস্টের মরদেহ উদ্ধার

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৪:১১, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:১২, ২৮ নভেম্বর ২০২৬

অপু বিশ্বাসের সাবেক মেকআপ আর্টিস্টের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি বিউটি পার্লার থেকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাবেক ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট আল আমিন রাফির (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত ‘পারফেক্ট বিউটি পার্লার’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টার দিকে পার্লারে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন রাফি প্রয়াত আলাউদ্দিন ও জাহেরা খাতুন দম্পতির ছেলে। তিনি দীর্ঘদিন ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। প্রায় তিন-চার বছর আগে নিজ এলাকায় ফিরে কয়েকজন নারীকে কাজ শিখিয়ে পার্লারটি চালু করেন।

পরিবারের দাবি, বন্ধুকে বিদেশে পাঠাতে ধারদেনা করে দেওয়া টাকা ফেরত না পাওয়া এবং ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাফি।

নিহতের বোন রোহেনা আক্তার জানান, নরসিংদীর বেলাবো উপজেলার বারিচা এলাকার শাহাবুদ্দিনের ছেলে নাঈমকে ঋণ ও ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন তার ভাই। ওই টাকা দিয়ে নাঈমকে গ্রিসে যাওয়ার ব্যবস্থা করে দেন তিনি। বর্তমানে নাঈম গ্রিসে অবস্থান করছেন।

তিনি আরও জানান, গত ২৬ নভেম্বর রাতে নাঈমকে ফোন করে পাওনা টাকা ফেরত চান রাফি। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

পার্লারের কর্মী বৃষ্টি বেগম জানান, বন্ধুকে বিদেশে পাঠাতে আল আমিন ধারদেনা করে টাকা দিয়েছিলেন। প্রায়ই ওই বন্ধুকে ফোন করে টাকা চাইতে দেখেছেন তিনি। তবে কত টাকা দিয়েছিলেন, তা জানা নেই। তার ভাষ্য, কারও সঙ্গে আল আমিনের শত্রুতা ছিল না। তিনি মূলত দেনার চাপে ছিলেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঋণের চাপের বিষয়টি সামনে এসেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন