শিরোনাম
চাকরি ডেস্ক
প্রকাশ: ১৪:৩০, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৩১, ২৮ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে চূড়ান্ত সুপারিশের পর পুলিশ ভেরিফিকেশন, গেজেট প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষ করতে গড়ে প্রায় এক বছর সময় লাগছে। ফলে আগের বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শেষ না হওয়ায় পরবর্তী বিসিএসের ফল প্রকাশ ও নিয়োগ কার্যক্রমেও তৈরি হচ্ছে জটিলতা।
এরই ধারাবাহিকতায় বিলম্বিত হচ্ছে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ। ২৬ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও ৪৬তম বিসিএসের গেজেট ও যোগদান প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত রাখা হয়েছে। মূলত একই প্রার্থী একাধিক বিসিএসে একই ক্যাডারে সুপারিশ পাওয়ার ‘রিপিট ক্যাডার’ জটিলতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিভিন্ন বিসিএসের নিয়োগপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার চিত্রও স্পষ্ট। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলে ১ হাজার ৪৫৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। তবে নয় মাসের বেশি সময় পার হলেও এখনো গেজেট প্রকাশ করতে পারেনি জনপ্রশাসন মন্ত্রণালয়।
একইভাবে গত ২৮ জুন ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলে ১ হাজার ৩২০ জন ক্যাডার এবং ২০১ জন নন-ক্যাডারসহ মোট ১ হাজার ৫২১ জনকে সুপারিশ করা হয়। কিন্তু প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও তাদের পুলিশ ভেরিফিকেশন ও গেজেট প্রকাশের কার্যক্রম শেষ হয়নি।
এর আগে ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর গেজেট ও যোগদান প্রক্রিয়া শেষ করতে প্রায় ১১ মাস সময় লাগে। ২০২৬ সালের ১ নভেম্বর যোগদান প্রক্রিয়া শেষ হয়। সব মিলিয়ে এই বিসিএসের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় চার বছর লেগেছে।
ভেরিফিকেশন ও গেজেট প্রকাশে বিলম্বের কারণে ‘রিপিট ক্যাডার’ সমস্যা আরও প্রকট হচ্ছে বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা। আগের বিসিএসে সুপারিশ পেয়েও যোগদান করতে না পারায় অনেকে পরবর্তী বিসিএসে অংশ নিচ্ছেন। এতে একই প্রার্থী একাধিকবার একই ক্যাডারে সুপারিশ পাওয়ায় পদ শূন্য থাকার আশঙ্কা তৈরি হচ্ছে। উদাহরণ হিসেবে ৪৪তম বিসিএসের ১ হাজার ৭১০টি পদের মধ্যে প্রায় ৪০০ জনকে রিপিট ক্যাডার হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
এদিকে দীর্ঘ অপেক্ষায় অনিশ্চয়তা ও মানসিক চাপে রয়েছেন চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, পুলিশ ভেরিফিকেশন ও গেজেট প্রকাশের কাজ দুই মাসের মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত ফল, গেজেট ও যোগদান পর্যন্ত পুরো নিয়োগপ্রক্রিয়া সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।
নিয়মিত গেজেট প্রকাশের পাশাপাশি বাদ পড়া প্রার্থীদের পুনরায় যাচাই-বাছাই বা রি-ভেরিফিকেশন কার্যক্রমেও ধীরগতি রয়েছে। ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়া ১০৫ জনের মধ্যে ৪৯ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। বাকি ৫৬ জন প্রশাসনিক ও ভেরিফিকেশন জটিলতায় বাদ পড়েন।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাদের রি-ভেরিফিকেশন শেষ করার আশ্বাস দিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। তবে এখন পর্যন্ত মাত্র ২৩ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। বাকিদের সঙ্গে যোগাযোগ এবং পুরো প্রক্রিয়া শেষ করার বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি।
অন্যদিকে, ৪৮তম বিসিএসে নিয়োগবঞ্চিত ২৭ জন প্রার্থীর রি-ভেরিফিকেশন শুরু হলেও দ্রুত তা শেষ করে সম্পূরক গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন তারা। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকায় পারিবারিক ও সামাজিক চাপ বাড়ছে বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা।
৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ-জোহরা জানান, গেজেট প্রকাশের কাজ চলমান রয়েছে। তবে কবে নাগাদ এটি প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই