শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:১৪, ২৮ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬১ জনের শরীরে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ৫৪ জনের। শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন।
এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৯ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। তাদের মধ্যে পরীক্ষায় ২৬ হাজার ৬০৮ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ ছাড়া এ সময়ে হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই