ঢাকা, রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৮ জমাদিউস সানি ১৪৪৮

দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৩৮, ২৮ নভেম্বর ২০২৬

দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

দেশে অস্থিরতা সৃষ্টি, জ্বালাও-পোড়াও এবং শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়ানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দেওয়া হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরির চেষ্টা চলছে। তবে এসব অপতৎপরতা সফল হতে দেওয়া হবে না। দেশে যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করতে সরকার বদ্ধপরিকর।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোর প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। দেশে অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা বিবেচনায় রেখেই পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মজুরিকে শ্রমিকেরা স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। তবে শ্রমিক পরিচয় ব্যবহার করে একটি পক্ষ তাদের মধ্যে অসন্তোষ তৈরির চেষ্টা করতে পারে। এ ধরনের চেষ্টা সফল হবে না।

তিনি আরও বলেন, সীমান্তের ওপার থেকে যারা জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দিচ্ছে, তাদের তৎপরতা দেশের ভেতরে কার্যকর হতে দেওয়া হবে না। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মশাল মিছিলের খবর পাওয়া গেলেও সেগুলোকে বড় কোনো ঘটনা হিসেবে দেখছেন না তিনি।

সীমান্তে বিজিবির অবস্থান সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা তাদের জানা নেই। তবে দেশের ভেতরে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না।

ভারতের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকিসংক্রান্ত বক্তব্যের বিষয়ে সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। এ ধরনের অপ্রাসঙ্গিক বক্তব্যের জবাব দিতে চান না তিনি।

এর আগে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান। সেখানে গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন