ঢাকা, রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৮ জমাদিউস সানি ১৪৪৮

আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৫৬, ২৮ নভেম্বর ২০২৬

আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজশাহীতে ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে অভিযান চালিয়ে ৬৫ নারীকে আটক করেছে পুলিশ। তারা পকেটমার চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ জানায়, আটক নারীদের বাড়ি পাবনা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায়। প্রথমে ৩৭ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে মাহফিল এলাকায় আরও নারী পকেটমারের অবস্থানের তথ্য পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে আরও ১৯ জনকে আটক করা হয়। সব মিলিয়ে আটকের সংখ্যা দাঁড়ায় ৬৫ জনে। পরে তাদের রাজশাহী মহানগর ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টায় ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে ঐতিহাসিক মাদরাসা মাঠে এ মাহফিল শুরু হওয়ার কথা। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান দেওয়ার কথা রয়েছে ড. মিজানুর রহমান আজহারীর। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর। আয়োজকদের ধারণা, মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, আটক নারীরা পকেটমারির উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকেল ৩টা পর্যন্ত ৬৫ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন