শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১১:৪২, ২৮ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
গোপালগঞ্জের লোকজন দিয়ে আগুন জ্বালিয়ে ও সন্ত্রাস করিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশের মানুষকে হুমকি দিয়ে, আগুন জ্বালিয়ে কিংবা গোপালগঞ্জের লোকজনকে ব্যবহার করে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করে কোনো লাভ হবে না।
দেশের মানুষের শান্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তারা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকবেন। সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে সুধীন্দ্রনাথ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে তাদের সাড়ে চার হাজার সহযোদ্ধাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে এবং ৭০০ সহযোদ্ধাকে গুম করা হয়েছে। প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ২০২৪ সালে ২০ দিনে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। তারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। এত কিছুর পরও কীভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং আগুন জ্বালানো হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, কেউ যদি মনে করেন মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে পালিয়ে যাবেন, আর বিএনপির নেতাকর্মী, বাংলাদেশের প্রশাসন ও বিরোধী দল তা চেয়ে চেয়ে দেখবে, তাহলে ভুল করবেন। তাদের নেতাকর্মীদেরও মোটরসাইকেল আছে। ১৭ বছর ক্ষমতায় থেকে যেভাবে হত্যা করেছেন, সেই দিবাস্বপ্ন এখন আর দেখার চেষ্টা করবেন না।
মাদকের বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলের নেতাকর্মীরা যেন মাদক কারবারি ও সেবনকারীদের পক্ষে তদবির করার চেষ্টা না করেন। আশা করি, বার্তা পরিষ্কার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এর আগে চাপালী যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঝিনাইদহের হামদহ ফুটবল দলকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হরিণাকুণ্ডু ফুটবল দল। আলোচনা সভা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আইনমন্ত্রী।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস