ঢাকা, রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৮ জমাদিউস সানি ১৪৪৮

বয়স বাড়লে বদলানোর সম্ভাবনা কমে, মজার ছলে যা বললেন জয়

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯:৫৬, ২৮ নভেম্বর ২০২৬

বয়স বাড়লে বদলানোর সম্ভাবনা কমে, মজার ছলে যা বললেন জয়

ফাইল ছবি

বয়স বাড়ার সঙ্গে মানুষের পরিবর্তনের সম্ভাবনা কমে আসে—এমন মন্তব্য করে সামাজিক মাধ্যমে হাস্যরসের জন্ম দিয়েছেন অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। তরুণ, মধ্যবয়সী ও চল্লিশোর্ধ্ব মানুষের স্বভাব নিয়ে নিজের ফেসবুক পোস্টে মজার ছলে জীবনবোধ তুলে ধরেছেন তিনি।

পোস্টে জয় লিখেছেন, ৩০ থেকে ৩৫ বছরের কম বয়সীদের ওপরই মূলত আশা করা যায়। কারণ, এ বয়সে মানুষের বদলে যাওয়ার সম্ভাবনা থাকে। বোঝালে তারা বোঝে, অভিজ্ঞতা থেকে শেখে এবং প্রয়োজনে নিজেকে পরিবর্তনও করতে পারে।

জয়ের ভাষায়, ‘আমাদের আশেপাশে ত্রিশ পঁয়ত্রিশ বছরের নিচে যারা, শুধু তাদের ওপরেই আশা করা যায়, রাগ করা যায়, দুঃখ পাওয়া যায়। কারণ তাদের মধ্যে এখনো পরিবর্তনের একটা সম্ভাবনা আছে। বোঝালে বুঝবে, ঠেকে শিখবে, হয়তো বদলাবেও।’

তবে ৩৫ বছর পার হলে সেই প্রত্যাশা আর রাখা যায় না বলে মনে করেন এই অভিনেতা। তাঁর মতে, এ বয়সের পর কারও বোধোদয়ের আশা করা অনেকটা ‘পাথরে ফুল ফোটানোর’ মতো। তাই এমন মানুষের ওপর রাগ বা অভিমান না করে, তাঁরা যেমন—তেমনই থাকবেন, সেটি মেনে নেওয়াই ভালো।

চল্লিশোর্ধ্বদের বিষয়ে আরও রসিকতা করেছেন জয়। তাঁর ভাষায়, এ বয়সের মানুষ এতটাই অপরিবর্তনীয় যে তাঁরা প্রায় ‘প্রত্নতাত্ত্বিক নিদর্শন’-এ পরিণত হন।

পোস্টের শেষ দিকে নিজের বয়সের প্রসঙ্গ টেনে মজার ছলে জয় লিখেছেন, ‘এই লেখাটা যিনি লিখেছেন তিনিও চল্লিশের উপরে।’

সামাজিক মাধ্যমে স্পষ্টভাষী মন্তব্য ও ভিন্নধর্মী ভাবনার জন্য প্রায়ই আলোচনায় আসেন শাহরিয়ার নাজিম জয়। এবার বয়স ও মানুষের পরিবর্তনের প্রবণতা নিয়ে তাঁর এই রসিকতাপূর্ণ মন্তব্যও অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

 

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন