ঢাকা, রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৮ জমাদিউস সানি ১৪৪৮

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ না থেকেও দুই পর্বে সেরা মাহি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২:১৪, ২৮ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ না থেকেও দুই পর্বে সেরা মাহি

ফাইল ছবি

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বৈশ্বিক মঞ্চে অংশ নিয়েছিলেন দেশের পরিচিত মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সেরা ৩০-এ জায়গা করে নিতে না পারলেও ভিন্ন এক সাফল্যে নজর কেড়েছেন তিনি। মূল প্রতিযোগিতায় এগোতে না পারলেও দর্শকদের ভোটে দুটি গুরুত্বপূর্ণ বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।

সুইমস্যুট ও ইভনিং গাউন, এই দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশের প্রতিনিধি মাহি। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার গৌরবও অর্জন করেছেন তিনি।

প্রতিযোগিতার সুইমস্যুট পর্ব থেকেই মূলত আলোচনায় উঠে আসেন মাহি। প্রচলিত ধারা ভেঙে বিকিনির বদলে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে মঞ্চে হাজির হন তিনি। পোশাকটির সঙ্গে যুক্ত ছিল পেছনে ছড়িয়ে পড়া লম্বা নীল কাপড়।

তার এই ব্যতিক্রমী সাজ ও আত্মবিশ্বাসী পরিবেশনা অনলাইনে বেশ প্রশংসা পায়। শেষ পর্যন্ত ওই পর্বে দর্শকদের ভোটেও সাফল্য পান তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই সুখবর জানান মাহি। তার ভাষায়, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন, দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। আর ন্যাশনাল কস্টিউম বিভাগে এসেছে প্রথম রানারআপের স্বীকৃতি।

বৈশ্বিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করলেও এই অর্জন দেশের সব মানুষের বলে মনে করেন তিনি।

আরেকটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহি। পুরো পথচলায় সমর্থকদের ভালোবাসা, দোয়া ও উৎসাহই তাকে এগিয়ে চলার সাহস দিয়েছে বলে জানান তিনি। প্রতিটি ধাপে বাংলাদেশকে মনে ধারণ করার কথা জানিয়ে এই ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন মাহি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন