ঢাকা, রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৮ জমাদিউস সানি ১৪৪৮

মোরগ পোলাও খাইয়ে ধানমন্ডিতে সোনার দোকানে চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:২২, ২৮ নভেম্বর ২০২৬

মোরগ পোলাও খাইয়ে ধানমন্ডিতে সোনার দোকানে চুরি

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলের গয়নার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার ও ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকানমালিক। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংকস প্লাজার ‘পূরবী জুয়েলার্সে’ এ ঘটনা ঘটে।

দোকানটির বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের গয়না চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষের দাবি, চোরেরা প্রায় দুই হাজার ভরি গয়না এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে।

দোকানটির জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন।

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করতে দেখা গেছে।

ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাঁদের কয়েকজনের সহায়তায় চুরির ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। বাকি চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

ঘটনার পর পুলিশ শপিং মলটি ঘিরে রাখে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন