ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

খাটের ওপর পড়েছিল আইনজীবীর মরদেহ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৫:১৪, ৮ মে ২০২৫ | আপডেট: ১৬:৪০, ৮ মে ২০২৫

খাটের ওপর পড়েছিল আইনজীবীর মরদেহ 

নিজ বাড়ি থেকে আইনজীবী মঈন উল বারির (৪৭) মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত 

চাঁপাইনবাবগঞ্জের বালুবাগান এলাকার নিজ বাড়ি থেকে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, ৪ দিন আগে মারা যাওয়া আইনজীবীর নাম মঈন উল বারি (৪৭)। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান আবাসিক এলাকার ৪নং গেটের সামনের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশের ধারণা আইনজীবী মঈন উল বারি ৪ দিন আগে মারা গেছেন। মৃত মঈন উল বারি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান এলাকার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বালু বাগান ৪নং গেটের সামনের বাড়িটি থেকে দুর্গন্ধ পান এলাকাবাসী। পরে বুধবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে পুলিশকে খবর দেয়। পরে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং রাজশাহীর সিআইডির একটি টিমকে খবর দেয়। এরপর খবর পেয়ে রাজশাহী থেকে একটি সিআইডির টিম এসে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খাটের ওপর মঈন উল বারির মরদেহ পড়ে থাকতে দেখে এবং উদ্ধার করে। 

মঈন উল বারির বোন শামিমা নাজনিন বলেন, ‘আমার ছোট ভাই ট্যাক্সের আইনজীবী ছিলেন এবং ঢাকায় প্র্যাকটিস করতেন। সাড়ে ৪ বছর আগে ঢাকা থেকে বাড়ি চলে আসেন। ৪ বছর আগে আমার বাবা মারা যান এবং ৭ মাস আগে আমার মা মারা যান। এ ছাড়া, আমার ভাই ও ভাবির অনেক আগে ডিভোর্স হয়ে যায়। তাদের একমাত্র মেয়ে ঢাকায় পড়াশুনা করে। তাই আমার ভাই বাড়িতে একাই থাকতেন এবং একাকী  জীবন-যাপন করতেন। গত কয়েকদিন থেকে আমার ভাইকে ফোন করছি কিন্ত সে ফোন ধরছে না। পরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে আমরা এখানে এসেছি।’ 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘গতকাল রাত সাড়ে ১১টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটি সিলগালা করে দিই। আজ সকালে সিআইডির টিমসহ সদর মডেল থানা পুলিশ মঈন উল বারির মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি প্রায় ৪ দিন আগে মারা গেছেন। আইনি প্রক্রিয়া চলমান আছে।' 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন