শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১০, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের। বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে। দুপুরের পর এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুমোদন করা হয়। এতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।
জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী, ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর প্রথম গ্রেডের নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাতও কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে।
নতুন কাঠামোয় প্রথম থেকে ১১তম গ্রেড পর্যন্ত মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে, যা ১৪২ শতাংশ বৃদ্ধি। অর্থাৎ স্বল্প আয়ের সরকারি কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি হারে বাড়ানো হয়েছে।
নতুন কাঠামোয় বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা প্রতিবন্ধী সন্তান ভাতা দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। একই সঙ্গে সব গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মোবাইল ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে।
নতুন পে-স্কেলের প্রভাব পড়বে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশনেও। সিদ্ধান্ত অনুযায়ী, নিট পেনশনপ্রাপ্তদের জন্য বিভিন্ন স্তরে পেনশন বৃদ্ধির ব্যবস্থা রাখা হয়েছে। মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ, ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ৫৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সামরিক ও অসামরিক ক্ষেত্রে ‘এক গ্রেড এক পেনশন’ ব্যবস্থা ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং বিপুল আর্থিক সংশ্লেষের কারণে এটি একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে না।
নতুন পে-স্কেল একবারে পুরোপুরি বাস্তবায়ন করা হবে না। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে ধাপে ধাপে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। মূল বেতন ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হিসেবে ধরা হলেও তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বিভিন্ন ভাতা ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর হওয়ার কথা রয়েছে।
স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোর মাধ্যমে দীর্ঘদিন পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও আর্থিক সুবিধার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস