শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১০:২৬, ৭ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বরগুনা সদরের লাকুরতলা সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্বাসকষ্ট শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যেই একই উপসর্গে অসুস্থ হয়ে পড়ে আরও ১৯ শিক্ষার্থী।
এ ঘটনায় বিদ্যালয়জুড়ে হুলস্থুল পড়ে যায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আক্রান্ত ২০ জনের মধ্যে সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থী রয়েছে। তাদের সবার উপসর্গ ছিল একই- তীব্র শ্বাসকষ্ট।
ঘটনার পর প্রধান শিক্ষক আবুল হোসাইন দ্রুত অভিভাবকদের খবর দেন। স্থানীয়রা ১১ জনকে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যান। গুরুতর ৯ জনকে অ্যাম্বুলেন্সে করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নিহার রঞ্জন বৈদ্য জানান, হাসপাতালে আনা ৯ জনকেই ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তারা গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছিল। ভয়ের কারণে একজনের দেখাদেখি অন্যদের মধ্যে এই প্রতিক্রিয়া হয়েছে। বর্তমানে ৯ জনই শঙ্কামুক্ত ও সুস্থ আছে।
এদিকে এমন আকস্মিক ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ আজকের জন্য ক্লাস স্থগিত করেছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস