শিরোনাম
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১১:৩১, ২৯ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় প্রান্ত তালুকদার (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৪ এস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত তালুকদার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণ এবং বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার ভাষ্য অনুযায়ী, গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে এসব কর্মকাণ্ডে অংশ নেওয়ার পর ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান তিনি। সেখানে হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থান করছিলেন।
পরে শনিবার অবৈধ পথে বাংলাদেশে ফেরার সময় হিজলদী সীমান্ত এলাকায় বিজিবির একটি আভিযানিক দল তাকে আটক করে।
আটকের পর তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ এবং সন্দেহভাজন ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে বিজিবি।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস