শিরোনাম
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ১১:২৭, ২৯ নভেম্বর ২০২৬
মো. আফিক হাসান অভি। ছবি: ঢাকা এক্সপ্রেস
রংপুরে বিভাগীয় ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী মো. আফিক হাসান অভি। তবে বাড়ি পৌঁছানো আর হয়নি তার।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরীর দর্শনা মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের এ শিক্ষার্থী। তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিলেন। তার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগীয় ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন অভি। পথে শহরের দর্শনা মোড়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ির সামনে পৌঁছালে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান ও পিকআপের মাঝখানে পিষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অভির মরদেহ নিয়ে আসা হলে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহপাঠীরা শেষবারের মতো তাকে বিদায় জানান। সেখান থেকে বিকেল ৫টার দিকে শেষকৃত্যের জন্য তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভির মৃত্যুর ঘটনায় তারা খুবই মর্মাহত। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় জড়িত এক ট্রাকচালককে আটক করে হাজিরহাট থানায় রাখা হয়েছে।
এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অভির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। তার সহপাঠী ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ী চালকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
অভির বিষয়ে তার সহপাঠী ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, বন্ধু কিংবা সহপাঠী হিসেবে অভি খুবই মিশুক ও প্রাণচঞ্চল ছিল। সে সবার সঙ্গে মিশত। ক্রিকেট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিত। ভালো গানও গাইত। তার এই অকালপ্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হলো, তা পূরণ হওয়ার নয়। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, এ কামনা করি।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আলামিন প্রামানিক বলেন, বন্ধু অভির মৃত্যুর জন্য দায়ী চালককে দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। গাড়িটি আটক হলেও চালক এখনো পলাতক। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে অবশ্যই কঠোর হতে হবে।
এদিকে, অভির মৃত্যুতে শোক জানিয়ে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, একজন তরুণ শিক্ষার্থীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তার অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার একজন সম্ভাবনাময় শিক্ষার্থীকে হারাল। উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া এ ধরনের অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস