শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১১:৪২, ২৯ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারিসহ ২৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সুপারি পরিবহনে ব্যবহৃত তিনটি বোটও জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে নোয়াখালীর হাতিয়া থানাধীন লাল বয়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালানো হয়। এ সময় মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারি উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ২৫ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা সুপারি ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস