ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

বরগুনা

পুলিশের অভিযানে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক ২

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৪:২৭, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:২৯, ৩০ জুলাই ২০২৬

পুলিশের অভিযানে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আটক ২

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালংকার ও চোরাই মালামালসহ দুই নারী আসামিকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। আজ ৩০ জুলাই বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস কনফারেন্স এর মাধ্যমে  বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপি এম-সেবা)।

তিনি বলেন, বুধবার (২৯ জুলাই) বরগুনা সদর উপজেলার ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বরগুনা সদর থানার একটি চৌকস দল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোসাঃ খাদিজা (৪০) ও মোসাঃ মরিয়ম (৩৫) নামের দুই নারীকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে ২জন পালিয়ে যায়।

অভিযানকালে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, বিভিন্ন ধরনের মোট ৬ ভরি ১১ আনা ৫ রতি স্বর্ণালংকার (যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১১ হাজার টাকা) এবং একটি ৭০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিকশা। জব্দকৃত মালামালসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার তালিকাভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় বরগুনা সদর থানায় পেনাল কোডের ৩৭৯/৪১৩/৪১৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (CDMS) পর্যালোচনা করে জানিয়েছে, ঘটনার সাথে জড়িত পলাতক আসামি ইব্রাহিমের বিরুদ্ধে পূর্বেও ঢাকার মিরপুর মডেল থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চুরি, মাদক এবং প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।

জেলা পুলিশ সুপার আরও জানান, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে বরগুনা জেলা পুলিশের এই বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। তিনি অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা অথবা জেলা পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন