শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬
জামিলা আক্তার। ফাইল ছবি
বরগুনার পাথরঘাটায় ঝুঁকিপূর্ণ সাঁকো ভেঙে খালের পানিতে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিলা আক্তার (১০) উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুছা গ্রামের জেলে জামাল হাওলাদারের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পেছনের খালের ওপর থাকা বাঁশের সাঁকো পার হওয়ার সময় সেটি ভেঙে খালে পড়ে যায় জামিলা। স্থানীয়রা প্রায় ২০ মিনিট খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
নিহতের বাবা জেলে জামাল হাওলাদার জীবিকার তাগিদে বর্তমানে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ায় গভীর সাগরে নেটওয়ার্কের বাইরে রয়েছেন। ফলে মেয়ের মৃত্যুর খবর এখনো তাকে জানাতে পারেনি পরিবার।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস