শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৮, ৫ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজশাহীর বেশ কিছু এলাকায় পর্যায়ক্রমে মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রোববার (০৪ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার স্বার্থে বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তন করা হবে।
এ জন্য সোমবার (০৫ অক্টোবর) সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা এবং সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা করে মোট ৭ ঘণ্টা রাজশাহীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এর মধ্যে সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর ১১ কেভি মিশন ফিডারের আওতাধীন হড়গ্রাম বাজার, ভেড়ীপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল, রাজপাড়া ও চণ্ডীপুর এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এ ছাড়া সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর ১১ কেভি প্যারামেডিকেল ফিডারের আওতাধীন প্যারামেডিকেল, লক্ষ্মীপুর, কাজিহাটা, ল্যাবরেটরি স্কুলের পশ্চিম, লক্ষ্মীপুর বাগানপাড়া, চণ্ডীপুর, রাজপাড়া থানা ও প্রেসক্লাবের গলি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে নেসকো কর্তৃপক্ষ।
ঢাকা এক্সপ্রেস/এসএস