শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৩, ৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:০২, ৫ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে রাজধানী ঢাকা। শুষ্ক আবহাওয়ার মধ্যে বিশ্বের ১২৫টি শহরের তালিকায় বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা।
এর মধ্যে সোমবার (০৫ অক্টোবর) সকালে রাজধানীর ১০টি এলাকায় বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি ছিল। সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে এ তথ্য জানা যায়।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। এর মাধ্যমে একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে বিষয়ে মানুষকে তথ্য দেওয়ার পাশাপাশি সতর্ক করা হয়।
সোমবার সকাল ৯টায় আইকিউএয়ারের সূচকে বায়ুদূষণে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে শীর্ষে ছিল প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ছিল ২৭০। এই মাত্রার বাতাস নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে ১৭৯ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল রাজধানী ঢাকা। ঢাকার বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে রাজধানীবাসীকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।
এ ছাড়া ১৭০ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
এদিকে সোমবার সকালে রাজধানীর ১০টি এলাকায় বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি ছিল। এলাকাগুলো হলো—শহিদ সাহাবুদ্দিন রোডের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকা, যেখানে বায়ুমানের স্কোর ছিল ১৮৮; পুরান ঢাকার বেচারাম দেউড়ি ১৮৬; গুলশান লেক পার্ক ১৮৬; উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ এলাকা ১৮৩; বারিধারা পার্ক রোড ১৮২; মিরপুরের সাগুপ্তা ১৭৭; মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর ১৭৪; মিরপুরের দক্ষিণ পল্লবী ১৭৩; গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ১৬৫ এবং গুলশান-২ এলাকা।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের ঘরের ভেতরে থাকার পাশাপাশি অন্যদেরও বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
এ ছাড়া ৩০১ থেকে ৪০০ পর্যন্ত একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। এই মাত্রার বায়ুদূষণ নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
ঢাকা এক্সপ্রেস/এসএস