শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:২৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
মেটা তাদের ‘কানেক্ট-২০২৬’ সম্মেলনে ক্যামেরাবিহীন প্রথম এআই চশমা ‘রে-ব্যান মেটা অডিও’ উন্মোচন করেছে। ক্যামেরা না থাকায় গোপনীয়তা নিয়ে উদ্বেগ কমানোর পাশাপাশি চশমাটিতে গান ও পডকাস্ট শোনা, ফোন করা, অনুবাদ এবং মেটার ‘মিউজ’ এআই সহকারী ব্যবহারের সুবিধা রয়েছে।
মেটার হার্ডওয়্যার অংশীদার এসিলর-লুক্সোটিকার সঙ্গে যৌথভাবে তৈরি এই চশমার প্রারম্ভিক দাম ৩৪৯ ডলার। আগামী ১৩ অক্টোবর থেকে এর প্রি-অর্ডার নেওয়া হবে।
মেটার আগের এআই চশমাগুলোর বিপরীতে ‘রে-ব্যান মেটা অডিও’-তে কোনো ক্যামেরা রাখা হয়নি। ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা নিয়ে অন্যের অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণের আশঙ্কা থেকে যে গোপনীয়তা-সংক্রান্ত উদ্বেগ তৈরি হয়েছিল, সেটি বিবেচনায় নিয়েই নতুন মডেলটিতে ক্যামেরা বাদ দেওয়া হয়েছে।
এর আগে মেটা রেকর্ডিং নির্দেশক বাতি পরিবর্তনের চেষ্টা করা হলে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাওয়ার মতো ব্যবস্থাও চালু করেছিল। নতুন মডেলে পুরোপুরি ক্যামেরাবিহীন নকশা ব্যবহার করা হলেও মেটার এআই চশমা প্ল্যাটফর্মের বেশ কিছু সুবিধা রাখা হয়েছে।
ক্যামেরা ও সংশ্লিষ্ট হার্ডওয়্যার না থাকায় নতুন চশমাটি আগের তুলনায় পাতলা। এর ওজন ৪৩ গ্রাম। এতে রয়েছে অ্যাডজাস্টেবল টেম্পল টিপস, পরিবর্তনযোগ্য নোজ প্যাড এবং ওভার-এক্সটেনশন হিঞ্জ।
মেটার দাবি, একবার চার্জে চশমাটি ১২ ঘণ্টা পর্যন্ত চলতে পারবে। আর চার্জিং কেস ব্যবহার করলে মোট ব্যাটারি লাইফ পাওয়া যাবে ৪৮ ঘণ্টা পর্যন্ত।
চশমাটি ২৩টি রঙ ও লেন্সের সমন্বয়ে পাওয়া যাবে। এতে রেট্রো-স্টাইলের ‘ক্লাবমাস্টার’ এবং আয়তাকার ‘বারব্যাস্ক’—এই দুটি নতুন রে-ব্যান স্টাইল থাকছে। চাইলে প্রেসক্রিপশন বা পাওয়ারযুক্ত লেন্সের সংস্করণও নেওয়া যাবে।
ক্যামেরাবিহীন মডেলের পাশাপাশি পরবর্তী প্রজন্মের ক্যামেরাযুক্ত ‘রে-ব্যান মেটা জেন ৩’ও উন্মোচন করেছে মেটা। এতে প্রচলিত ‘ওয়েফারার’ ডিজাইনের পাশাপাশি ‘এভিয়েটর’ ও ‘জেনা’ স্টাইল থাকছে।
নতুন চশমাটিতে রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা, যা ৩কে আল্ট্রা এইচডি ভিডিও ধারণ করতে পারে। এতে ছয়টি মাইক্রোফোনের অ্যারেও রয়েছে। ব্যাটারি একবার চার্জে সর্বোচ্চ ৯ ঘণ্টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে মেটা।
এ ছাড়া চশমাগুলোর রঙ ও স্টাইলের পরিসর বাড়ানোর পাশাপাশি নতুন নতুন বাজারে এগুলো নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে কোম্পানিটি।
মেটার এআই চশমাগুলোতে নতুন পার্সোনাল এআই সহকারী ‘মিউজ’ ব্যবহারের সুবিধা থাকবে। এর পাশাপাশি ডলবি অ্যাটমস ক্যাপচার, উন্নত ফটো সিলেকশন, ল্যান্ডস্কেপ ও পোর্ট্রেট অপশন, উন্নত শ্রবণ সুবিধা এবং আরও উন্নত এআই রেসপন্সের মতো ফিচার আনার কথা জানিয়েছে কোম্পানিটি।
এ ছাড়া অতিরিক্ত অডিও মোড ও কাস্টমাইজযোগ্য কন্ট্রোল যুক্ত হবে। ব্যবহারকারীর তথ্য কোম্পানির কাছে সুরক্ষিত রাখতে ‘প্রাইভেট প্রসেসিং’ নামে একটি ফিচার আনার ইঙ্গিতও দিয়েছে মেটা।
ঢাকা এক্সপ্রেস/এসএস