ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩, ১০ রবিউস সানি ১৪৪৮

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪০, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

ফাইল ছবি

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি একই এলাকায় অবস্থান করে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে প্রায় ৮৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল (২৩ সেপ্টেম্বর) সকাল নাগাদ ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ ছাড়া গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন