ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

দিল্লিতে আটক অভিজিৎ দীপকেকে আদালতে তোলা হবে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩:১৮, ১৭ অক্টোবর ২০২৬

দিল্লিতে আটক অভিজিৎ দীপকেকে আদালতে তোলা হবে

ছবি: সংগৃহীত

দিল্লির কনট প্লেসে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক।

শনিবার (১৭ অক্টোবর) আদালতে তোলা হবে।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার দুটি পৃথক ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে ভোররাতে মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা।

এদিকে সিজেপির আইনবিষয়ক প্রধান রত্মা সিংয়ের অভিযোগ, অভিজিৎকে অজ্ঞাত কোনো স্থানে আটকে রেখেছে পুলিশ। তার সঙ্গে দেখা করতে পারেননি আইনজীবীরা। অন্যদিকে, অভিজিৎ দীপকেসহ শতাধিক আন্দোলনকারীকে আটকের তীব্র নিন্দা জানিয়েছেন তিন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ নামে প্রতীকী বিক্ষোভ মিছিলের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। মিছিলের কয়েক ঘণ্টা আগে কর্মসূচি বাতিল করতে সিজেপি নেতা অভিজিৎ দীপকের বাড়িতে নোটিশ পাঠায় দিল্লি পুলিশ। তবে নিজেদের অবস্থানে অনড় থাকে দলটি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কনট প্লেসে জড়ো হতে থাকেন বিপুলসংখ্যক ছাত্র-জনতা।

একপর্যায়ে কনট প্লেসে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় মধ্য দিল্লির ঝান্ডেওয়ালানে নিজ বাড়ি থেকে অভিজিৎ দীপকেকে আটক করে পুলিশ। একই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ নেহা বোরাকে মান্ডি হাউস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমকর্মী ও বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতিতে ধাক্কাধাক্কির মধ্যে তাদের ভ্যানে তোলা হয়।

আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে শনিবার ভোরে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়। তবে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হবে। এদিকে সিজেপির আইনবিষয়ক প্রধান রত্মা সিংয়ের অভিযোগ, অভিজিৎকে অজ্ঞাত কোনো স্থানে রাখা হয়েছে এবং আইনজীবীরা তার সঙ্গে দেখা করার সুযোগ পাননি।

মুক্তির পর নেহা বোরা অভিযোগ করেন, মানুষের মনে ভয় ঢুকিয়ে দিতে দিল্লি পুলিশ বেআইনি কর্মকাণ্ড চালাচ্ছে। আটকের পরের দিন সকালে বা সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে বলা হচ্ছে, এটি সরাসরি গ্রেপ্তার নয়, বরং প্রতিরোধমূলক হেফাজতে রাখা।

শুক্রবার বিকেল ৫টায় সিজেপির ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু কনট প্লেস ও আশপাশের এলাকায় নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারি থাকার কথা জানিয়ে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলও শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্ক সাধারণ মানুষের জন্য বন্ধ রাখে। ফলে আইনি বাধার মুখে পড়ে সিজেপির কর্মসূচি।

এদিকে অভিজিৎ দীপকেসহ শতাধিক আন্দোলনকারীকে আটকের তীব্র নিন্দা জানিয়েছেন তিন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পর ডিএমকে প্রধান এম. কে. স্ট্যালিনও অভিজিৎ দীপকেকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন