ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮

ডিজেলের দাম বৃদ্ধি ঠেকাতে জরুরি বৈঠকে বসছে ইইউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৫৮, ২ অক্টোবর ২০২৬

ডিজেলের দাম বৃদ্ধি ঠেকাতে জরুরি বৈঠকে বসছে ইইউ

ছবি : সংগৃহীত

ডিজেলের দ্রুত মূল্যবৃদ্ধি মোকাবিলায় অভিন্ন পদক্ষেপ ঠিক করতে আজ শুক্রবার জরুরি বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলো। বৈঠকের এক দিন আগে ইউরোপীয় মিত্রদের কৌশলগত জ্বালানি মজুত অবিলম্বে বাজারে ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র জানান, শুক্রবার দিনের শুরুতেই সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক হবে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি বন্ধের সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি এ বিষয়ে ইঙ্গিত দেন।

ইউরোপীয় কমিশনের বাণিজ্যবিষয়ক প্রধান মারোস সেফকোভিচ বলেন, যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি বন্ধ করলে ইউরোপের ওপর গুরুতর অর্থনৈতিক প্রভাব পড়তে পারে।

তিনি জানান, এ বিষয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়নি। তবে পরিস্থিতি নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার সিদ্ধান্ত হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইউরোপীয় অংশীদারদের অতিরিক্ত জ্বালানি দ্রুত বাজারে ছাড়ার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এতে চলমান সরবরাহ সংকট মোকাবিলা করা সম্ভব হবে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স ও জার্মানিকে কৌশলগত ডিজেল মজুতের একটি অংশ বাজারে ছাড়তে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরানবিরোধী যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে বলেও এসব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি গ্রিয়ার বলেন, ডিজেল সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইউরোপ একসঙ্গে কাজ করতে আগ্রহী।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন