শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৩:৪৯, ১২ আগস্ট ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বরগুনা জেলা কারাগারে প্রায় ১০ মাস দায়িত্ব পালনের পর নতুন কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন জেল সুপার মো. আনোয়ার হোসেন। সরকারের নির্দেশে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার হিসেবে দায়িত্ব নেবেন।
স্বল্প সময়ের দায়িত্বকালেই বরগুনায় আন্তরিকতা ও দায়িত্বশীলতার স্মৃতি রেখে গেছেন আনোয়ার হোসেন। বন্দিদের সঙ্গে খোলামেলা আচরণ, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং বিভিন্ন উৎসবে তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেয়ার কারণে তিনি সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ এ প্রত্যয়কে সামনে রেখে তিনি বন্দিদের সংশোধন ও আলোর পথে ফেরানোর বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদসহ বিভিন্ন উৎসবে বন্দিদের জন্য বিশেষ আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ উন্নতমানের খাবার ও মৌসুমি ফলের ব্যবস্থা করে তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছেন।
কারাগারের চার দেয়ালের ভেতরে ও মানুষের আনন্দ, সম্মান ও মানবিক মর্যাদার অধিকার রয়েছে - তার কর্মকাণ্ডে সে উপলব্ধিই বারবার ফুটে উঠেছে। একইসঙ্গে কারারক্ষী ও সহকর্মীদের সঙ্গেও গড়ে তুলেছেন আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাদের নিয়ে ফুটবল খেলাসহ বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে কর্মক্ষেত্রে সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টায় জেল সুপার আনোয়ার হোসেনের প্রতি সম্মান ও তার স্মৃতি ধরে রাখতে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।
এসময় বরগুনা জেলা কারাগারের নতুন জেল সুপার হিসেবে দায়িত্ব বুঝে নেন মো. মুজিবুর রহমান। জনাব মুজিবুর রহমান এর আগে হবিগঞ্জ জেলা কারাগারে কর্মরত ছিলেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলার আমিনুর রহমানসহ অন্যান্য কারারক্ষীরা উপস্থিত ছিলেন।
নবাগত জেল সুপার জনাব মুজিবুর রহমান বিদায়ী জেল সুপারের প্রতি সম্মান জানিয়ে বলেন, স্যারের বিচক্ষণতা ও ঐকান্তিক প্রচেষ্টায় এ কারাগার একটি সুশৃঙ্খল ও নিরাপদ অবস্থানে পৌঁছেছে। আপনার চমৎকার নেতৃত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের সবসময় অনুপ্রাণিত করবে। আপনার ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আপনার হাতে গড়া শৃঙ্খলা, নিরাপত্তা এবং বন্দিদের সংশোধনমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।
ঢাকা এক্সপ্রেস/এসএস