শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৪১, ১৮ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন ও প্রদর্শনী ২০২৬-এ মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান। সম্মেলনে তিনি সামাজিক উদ্যোক্তা তৈরি, উদ্ভাবনী উদ্যোগের বিকাশ এবং টেকসই সামাজিক প্রভাব সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়টির ‘দ্য ড্যাফোডিল মডেল’ তুলে ধরেন।
১৩ থেকে ১৫ অক্টোবর মালয়েশিয়ার আলবুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ‘সবার জন্য সামাজিক ব্যবসা’ প্রতিপাদ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও সামাজিক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী ও টেকসই সমাধান খুঁজে বের করা ছিল সম্মেলনের অন্যতম লক্ষ্য।
সম্মেলনের উদ্বোধনী দিনে ড. সবুর খান ‘ড্যাফোডিলে সামাজিক ব্যবসা: শিক্ষা থেকে কার্যক্রম, উদ্ভাবন ও টেকসই প্রভাব’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পাশাপাশি ‘সফল সামাজিক উদ্যোক্তা গড়ে তোলা ও বিকাশে ড্যাফোডিল মডেল’ শীর্ষক বিশেষ আলোচনায় অংশ নেন তিনি।
প্রবন্ধে সামাজিক উদ্যোক্তা তৈরিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমন্বিত উদ্যোগের সাতটি প্রধান স্তম্ভ তুলে ধরেন ড. সবুর খান। এগুলো হলো—শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা অর্জন, প্রতিযোগিতা, গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন, সহযোগিতা এবং সামাজিক প্রভাব।
তিনি দেখান, কীভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে ব্যবহারিক অভিজ্ঞতা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের বাস্তব জীবনের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা যায়।
এ সময় সামাজিক ব্যবসাবিষয়ক শিক্ষা, আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ, নতুন উদ্যোগ বিকাশে সহায়তা এবং ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এসব উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তাসুলভ মানসিকতা গড়ে তোলার পাশাপাশি সমাজের জন্য অর্থবহ ও টেকসই সমাধান তৈরিতে উৎসাহিত করে।
সম্মেলনে আরও বক্তব্য দেন মালয়েশিয়ার জাতীয় উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিভিয়ান্তি সারজুনি এবং ডিসকভার মুয়াই থাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা ইমরান হারিথসহ বিশিষ্ট ব্যক্তিরা।
সম্মেলনে ড. সবুর খানের অংশগ্রহণের মধ্য দিয়ে সামাজিক উদ্যোক্তা তৈরিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে টেকসই সামাজিক পরিবর্তন আনার বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে দায়িত্বশীল ও সমাজসচেতন উদ্যোক্তা তৈরিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়।
ঢাকা এক্সপ্রেস/এসআই