ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৭ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

আন্তর্জাতিক বাজারে দুই সপ্তাহের সর্বনিম্ন দামে স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:০২, ২২ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক বাজারে দুই সপ্তাহের সর্বনিম্ন দামে স্বর্ণ

ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে দুই সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতির উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) মুদ্রানীতির সিদ্ধান্ত ঘিরে অনিশ্চয়তায় এ দরপতন হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টা ২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮১ ডলার ৮৯ সেন্টে দাঁড়ায়। অন্যদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার মূল্য ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৯৭ ডলার ৯০ সেন্টে নেমে আসে।

এএনজেডের বিশ্লেষক সোনি কুমারী বলেন, জ্বালানি বাজারে অনিশ্চয়তা অব্যাহত থাকায় স্বর্ণের দাম আরও কমতে পারে।

জ্বালানি ব্যয় বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে ফেড সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকেরা। সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়।

আগামী ২৭ ও ২৮ অক্টোবর ফেডের মুদ্রানীতিবিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মূল্যসূচক প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এসব তথ্যের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন