ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়

ফাইল ছবি

বাংলাদেশসহ ১৯টি দেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষ ওষুধ ও এর উপকরণে ১০০ শতাংশ শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে এসব দেশ ছাড়া অন্য দেশ থেকে নির্দিষ্ট ওষুধ ও উপকরণ আমদানিতে মূল্যের ১০০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় দেশগুলোর তালিকা ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন। এতে পেটেন্টকৃত ফার্মাসিউটিক্যালস, বায়োলজিকস ও সংশ্লিষ্ট উপকরণ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়।

যুক্তরাষ্ট্রে এসব ওষুধের উৎপাদন বাড়াতে দেশটির প্রশাসন এ শুল্কনীতি গ্রহণ করে।

শুল্ক ছাড়ের আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসার ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, সেল থেরাপি ও জিন থেরাপি। এছাড়া অ্যান্টিবডি ড্রাগ কনজুগেটস এবং প্রাণীদের ওষুধও এ সুবিধার আওতায় রয়েছে।

এসব ওষুধ তৈরিতে ব্যবহৃত উপকরণও শুল্ক ছাড় পাবে। বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভেদর, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, গুয়েতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসেডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি থাকায় বা ভবিষ্যতে এমন চুক্তি হওয়ার কারণে এসব দেশ শুল্ক ছাড়ের সুবিধা পাবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন