ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৬ জমাদিউস সানি ১৪৪৮

হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫৮, ১৩ নভেম্বর ২০২৬

হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার হুমায়ূন আহমেদ। উপন্যাসের চরিত্র, নাটকের সংলাপ, চলচ্চিত্রের গল্প কিংবা গানের কথা, সবখানেই তিনি তৈরি করেছেন নিজস্ব এক জগৎ। মৃত্যুর ১৪ বছর পরও তার সৃষ্টির প্রতি পাঠকের ভালোবাসা একটুও কমেনি।

৭৮ বছর আগে আজকের এই দিনে (১৩ নভেম্বর) পৃথিবীতে এসেছিলেন তিনি। জন্মদিন উপলক্ষে বইমেলা, সংগীত ও শ্রুতি প্রযোজনাসহ নানা আয়োজনে তাকে স্মরণ করা হচ্ছে তার জন্মভূমি নেত্রকোনার সদর ও কেন্দুয়ায়।

নেত্রকোনার মোহনগঞ্জের শেখ বাড়িতে (নানাবাড়ি) জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার বাবার বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা, মা আয়েশা ফয়েজ গৃহিণী। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি।

প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন হুমায়ূন আহমেদ। সহজ ভাষা, জীবন্ত সংলাপ ও সূক্ষ্ম রসবোধের সমন্বয়ে তার সাহিত্যে উঠে এসেছে মধ্যবিত্তের জীবন। হিমু, মিসির আলী, শুভ্র, রূপা কিংবা বাকের ভাইয়ের মতো চরিত্র পেয়েছে পাঠক-দর্শকের অকৃত্রিম ভালোবাসা।

উপন্যাস ও ছোটগল্পের পাশাপাশি টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও গীতিকার হিসেবেও অনন্য স্বাক্ষর রেখেছেন তিনি। ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘বহুব্রীহি’ ও ‘আজ রোববার’ নাটকের মাধ্যমে দর্শকের ঘরে ঘরে পৌঁছে যান তিনি। ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারি’ ও ‘ঘেটুপুত্র কমলা’র মতো চলচ্চিত্র তার সৃজনশীলতার স্বাক্ষর বহন করে। বাংলা সাহিত্যে নতুন পাঠক তৈরিতেও তার অবদান উল্লেখযোগ্য।

জন্মদিনের আয়োজন

জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে অন্যপ্রকাশ ও চ্যানেল আই অনলাইন। ১৩ থেকে ১৫ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ মেলা। হুমায়ূন আহমেদের বই কেনা যাবে ৩০ শতাংশ কমিশনে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন