ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

চাঁদপুরে উইকিপিডিয়া-উইকিমিডিয়া নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮:০৫, ১১ অক্টোবর ২০২৫

চাঁদপুরে উইকিপিডিয়া-উইকিমিডিয়া নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ছবি: ঢাকা এক্সপ্রেস

চাঁদপুরে দ্বিতীয়বারের মতো উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্প নিয়ে দুটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৯:৩০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের আল-আমিন একাডেমি ছাত্রী শাখার সেমিনার কক্ষে প্রথম কর্মশালা এবং বেলা ২:৩০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন এআই কম্পিউটার একাডেমিতে দ্বিতীয় কর্মশালার আয়োজন করা হয়।

চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়ের উদ্যোগে এবং উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতায় কর্মশালার লক্ষ্য ছিল স্থানীয় পর্যায়ে উইকিপিডিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নতুন ব্যবহারকারীদের সম্পৃক্ত করা এবং শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলা।

চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়ের প্রধান সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন জানান, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখার কর্মশালায় শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রায় ৩০ জন অংশগ্রহণ করেন। তারা হাতে-কলমে উইকিপিডিয়া সম্পাদনা ও ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করেন। দুটি কর্মশালাতেই একই ধরনের বিষয়বস্তু উপস্থাপন করা হয়।

রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের সদস্য ও বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাহিদ সুলতান, বাংলা উইকিপিডিয়া এডমিন ও উইকিমিডিয়া স্টুয়ার্ড মুহাম্মদ ইয়াহিয়া এবং শাকিল হোসেন।

কর্মশালায় উইকিপিডিয়া সম্পাদনার সাধারণ সমস্যার সমাধান, অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সঙ্গে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়। এর আগে, ২০১৯ সালে চাঁদপুরে প্রথম উইকিপিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন