ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

মোংলায় নৌবহর কর্মসূচিতে বক্তারা

ফসিল গ্যাস উত্তোলনের হার জলবায়ু লক্ষ্য ব্যাহত করছে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৬:১৩, ১৯ নভেম্বর ২০২৫

ফসিল গ্যাস উত্তোলনের হার জলবায়ু লক্ষ্য ব্যাহত করছে

ছবি: ঢাকা এক্সপ্রেস

বিশ্বে যে গতিতে ফসিল গ্যাস উত্তোলন চলছে, তা জলবায়ু পরিবর্তন রোধে নেওয়া বৈশ্বিক লক্ষ্য পূরণকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। গ্লোবাল সাউথের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে জ্বালানির চাহিদা ক্রমাগত বাড়ছে, আর এই বাড়তি চাহিদার সমাধান হিসেবে জীবাশ্ম গ্যাসের ওপর নির্ভরতা অব্যাহত থাকলে জলবায়ু সংকট আরো তীব্র হবে। তাই ন্যায্য জ্বালানি রূপান্তরের অংশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানিকে বেছে নিতে হবে- এমন মত প্রকাশ করেছেন বক্তারা।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় মোংলার পশুর নদীতে আয়োজিত বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত নৌবহর উদ্বোধনী অনুষ্ঠানে এ বক্তব্য উঠে আসে।

বাংলাদেশসহ বিশ্বব্যাপী ফসিল গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে এ নৌবহর কর্মসূচির আয়োজন করে পরিবেশ ও জলবায়ুকেন্দ্রিক জাতীয় সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্য রাখেন পশুর রিভার ওয়াটারকিপার ও পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মোংলা উপজেলা জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ক্রীড়া সংগঠক মোহাম্মদ সেলিম হাওলাদার, বিডি ক্লিনের আবু হাসান, পরিবেশ ও উন্নয়নকর্মী ফাতেমা জান্নাত, নারীনেত্রী মাসুদা পারভীন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, পরিবেশকর্মী হাছিব সরদার, ইয়ুথ লিডার শেখ সিফাতুল্লাহ শুভ, মঈন গাজী, ডলার মোল্লা, মেহেদী হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নূর আলম শেখ বলেন, ফসিল গ্যাসের সম্প্রসারণ অবিলম্বে বন্ধ করতে হবে। কয়লা ও তেলের বিকল্প হিসেবে ফসিল গ্যাসকে কোনোভাবেই গ্রহণযোগ্য ধরা যায় না। বিশ্বের শীর্ষ গ্যাস উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন, রাশিয়া, ইরান, কানাডা ও কাতারের নাম উল্লেখ করে তিনি বলেন, স্টপ গ্যাস অ্যান্ড এলএনজি, উই নিড রিনিউএবল এনার্জি।

ইয়ুথ লিডার মেহেদী হাসান বলেন, শিল্পোন্নত দেশগুলোর বাইরে জ্বালানির চাহিদা ৮৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এই চাহিদাকে সামনে রেখে গ্লোবাল নর্থের দেশগুলো ফসিল গ্যাসকে বিকল্প জ্বালানি হিসেবে প্রচার করছে। তিনি বলেন, আমরা গ্লোবাল নর্থকে স্পষ্ট বার্তা দিতে চাই- ‘ডোন’ট গ্যাস দ্য সাউথ।’

ক্রীড়া সংগঠক মোহাম্মদ সেলিম হাওলাদার বলেন, ন্যায্য সবুজ জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে এখনই নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।

পরিবেশ ও উন্নয়নকর্মী ফাতেমা জান্নাত বলেন, বর্তমানে আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ায় মোট ৭৬৮টি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রাক-পর্যায়ে রয়েছে। একই সঙ্গে ১৫৩টি প্রস্তাবিত এলএনজি টার্মিনাল, ৩০০টি পাইপলাইন প্রকল্প এবং ২৮৪টি আবিষ্কৃত গ্যাসক্ষেত্র ও সংশ্লিষ্ট উত্তোলন প্রকল্প উন্নয়নাধীন। এসব প্রকল্প বিশ্বকে সবুজায়নের পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে এবং জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনকে আরো কঠিন করে তুলছে।

উল্লেখ্য, ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে মোংলার পশুর নদীসহ নয়টি নদীতে একযোগে নৌবহর কর্মসূচি পালিত হয়।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন