ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

আশুলিয়ায় গোলাগুলিতে জড়িত ৪ জন গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:০১, ৪ ডিসেম্বর ২০২৫

আশুলিয়ায় গোলাগুলিতে জড়িত ৪ জন গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার

ছবি: ঢাকা এক্সপ্রেস

ঢাকার আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলির ঘটনায় একটি বিদেশি পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল ও কাইচাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- পলাশবাড়ীর আব্দুল মতিনের ছেলে আল আমিন স্বপন (৩০), আব্দুল আজিজের ছেলে জুলহাস মিয়া (৩০), মানিকগঞ্জের মনোয়ার হোসেন টিটু (২৮) এবং চাঁদপুরের আব্দুল মান্নান পাটোয়ারী। মান্নান পাটোয়ারী আশুলিয়ার কুড়গাঁও ও টিটু বাইপাইল এসএ পরিবহনের পেছনের এলাকায় বসবাস করতেন।

ডিবি জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি হয়। খবর পেয়ে ডিবি পুলিশের দল ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মান্নান পাটোয়ারীর তথ্য অনুযায়ী কাইচাবাড়ী নবারটেক এলাকার করিম সাহেবের বড়ই বাগান থেকে ম্যাগাজিনসহ একটি সিলভার রঙের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

ডিবি আরো জানিয়েছে, গ্রেপ্তার মনোয়ার হোসেন টিটু আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

ঢাকা জেলা উত্তর ডিবির ওসি মো. জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন