শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১২:২৫, ১৬ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা অফিসকক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ঘটনার সময় অফিসের ভেতরে লোকজন থাকায় তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
তিনি আরও জানান, হামলার সময় অফিসকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ কারণে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস